১৫০ বছর বাঁচতে আগ্রহী পুতিন, আয়ু বাড়ানোর গবেষণায় ৭ হাজার বানর
মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানো সম্ভব কি না, তা নিয়ে আগ্রহী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষাকে ঘিরে রাশিয়ায় চলছে বার্ধক্য প্রতিরোধ ও মানুষের আয়ু বাড়ানোর গবেষণা।
এ গবেষণার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ২২ প্রজাতির সাত হাজারের বেশি বানর নিয়ে কাজ করছেন দেশটির বিজ্ঞানীরা। দীর্ঘজীবী বানরগুলোর রক্তের নমুনা সংরক্ষণ করে তৈরি করা হচ্ছে বিশেষ নমুনা ব্যাংক।
এসব নমুনা বিশ্লেষণ করে বার্ধক্যের জৈবিক প্রক্রিয়া এবং মানুষের আয়ু বাড়ানোর সম্ভাব্য উপায় খুঁজতে চান গবেষকেরা।
রাশিয়ার কুরচাতভ ইনস্টিটিউটের নেতৃত্বে এ গবেষণা পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান মিখাইল কোভালচুক পুতিনের ঘনিষ্ঠজন এবং বিজ্ঞানবিষয়ক অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে পরিচিত। তার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান পেত্রোভস্কি রাশিয়ান রিসার্চ সেন্টার অব সার্জারির সঙ্গে যৌথভাবে দীর্ঘজীবী বানরের রক্তের নমুনা সংরক্ষণের উদ্যোগ নিয়েছে।
সম্প্রতি মস্কোয় আয়োজিত কুরচাতভ জিনোম ফোরামে গবেষণার বিষয়টি তুলে ধরেন কোভালচুক। তিনি জানান, তাদের প্রজননকেন্দ্রে ২২ প্রজাতির সাত হাজারের বেশি বানর রয়েছে। এর মধ্যে ১৮ বছর থেকে ৩০ বছরের বেশি বয়সী বানরদের ওপর বিশেষভাবে পর্যবেক্ষণ চালানো হচ্ছে। তাদের রক্তনালি, মস্তিষ্ক এবং শরীরের অন্যান্য অঙ্গের অবস্থা পরীক্ষা করা হচ্ছে।
কোভালচুকের ভাষ্য, বানরদের বার্ধক্যের বিভিন্ন পর্যায় নিয়ে গবেষণা মানুষের আয়ু বাড়ানোর জন্য প্রয়োজনীয় জৈবিক প্রক্রিয়া বোঝার ভিত্তি তৈরি করতে পারে। অন্যদিকে পেত্রোভস্কি সার্জারি গবেষণাকেন্দ্রের পরিচালক কনস্তানতিন কাতেনকো জানিয়েছেন, দীর্ঘজীবী প্রাইমেটদের রক্তের নমুনা বিশ্লেষণ করে বার্ধক্য কীভাবে কাজ করে, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
রুশ প্রেসিডেন্টের দীর্ঘায়ু হওয়ার আগ্রহের সঙ্গে এ গবেষণার সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনা চলছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে চীন সফরের সময় পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের একটি কথোপকথন সরাসরি সম্প্রচারে ধরা পড়ে। সেখানে তারা মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
পুতিন বলেন, জীবপ্রযুক্তির উন্নতির ফলে মানুষের অঙ্গ প্রতিস্থাপন অব্যাহত রাখা সম্ভব হতে পারে, এমনকি অমরত্ব অর্জনের সম্ভাবনাও তৈরি হতে পারে। সি চিন পিংও চলতি শতাব্দীতে মানুষের ১৫০ বছর বেঁচে থাকার সম্ভাবনার কথা বলেন।
এরপর ২০২৫ সালের নভেম্বরে মস্কোয় কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক এক অনুষ্ঠানে পুতিন বলেন, মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানো সম্ভব হতে পারে। তাঁর এসব বক্তব্যের পর রাশিয়ার দীর্ঘায়ু গবেষণা নতুন করে আলোচনায় আসে।
তবে বানর নিয়ে গবেষণাই রাশিয়ার একমাত্র উদ্যোগ নয়। মানুষের বার্ধক্য ধীর করার জন্য জিন থেরাপি, কৃত্রিমভাবে অঙ্গ ও টিস্যু তৈরি এবং জিনগতভাবে পরিবর্তিত ক্ষুদ্রাকৃতির শূকরের শরীরে মানুষের উপযোগী অঙ্গ উৎপাদনের মতো বিষয় নিয়েও কাজ চলছে। এসব উদ্যোগকে ঘিরে রাশিয়ার রাষ্ট্রীয় পর্যায়ে দীর্ঘায়ু গবেষণার পরিধি বাড়ানো হয়েছে।
২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও আয়ু বাড়ানোর প্রযুক্তি উন্নয়নে প্রায় ১৮ বিলিয়ন রুবল বরাদ্দের পরিকল্পনার কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এ কর্মসূচির সঙ্গে পুতিনের মেয়ে ও এন্ডোক্রাইনোলজিস্ট মারিয়া ভরোন্তসোভা এবং কোভালচুকের সম্পৃক্ততার কথা বলা হয়েছে।
রাশিয়ার এ গবেষণা উদ্যোগের পেছনে রাজনৈতিক নেতৃত্বের আগ্রহও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াল স্ট্রিট জার্নালের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের দীর্ঘায়ু হওয়ার আগ্রহ দেশটির রাষ্ট্রীয় গবেষণার অগ্রাধিকারগুলোর একটি হয়ে উঠেছে। তবে গবেষণার ঘোষণা ও বাস্তব বৈজ্ঞানিক সাফল্যের মধ্যে পার্থক্য রয়েছে। এ ধরনের উদ্যোগের অনেক ক্ষেত্রেই আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্র ও পরীক্ষিত ফলাফল এখনো সীমিত।
বিজ্ঞানীদের মতে, প্রাণীর শরীরে বার্ধক্যের প্রক্রিয়া বোঝা মানুষের আয়ু বাড়ানোর গবেষণায় সহায়ক হতে পারে। কিন্তু বানরের আয়ু ও মানুষের আয়ুর মধ্যে সরাসরি সমতা টানা যায় না। দীর্ঘজীবী বানরের রক্ত বা অঙ্গ বিশ্লেষণ করলেই মানুষ ১৫০ বছর বাঁচতে পারবে- এমন নিশ্চয়তা নেই। মানুষের আয়ু উল্লেখযোগ্যভাবে বাড়ানো এবং অমরত্ব অর্জনের ধারণার পক্ষে এখনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ প্রতিষ্ঠিত হয়নি।
ফলে পুতিনের ১৫০ বছর বেঁচে থাকার আকাঙ্ক্ষা এবং রাশিয়ার সাত হাজার বানর নিয়ে গবেষণা বিশ্বজুড়ে কৌতূহল তৈরি করলেও এর প্রকৃত বৈজ্ঞানিক সাফল্য জানতে অপেক্ষা করতে হবে গবেষণার ফলাফলের জন্য।
তথ্য সূত্র- ফার্স্ট পোস্ট।
মন্তব্য করতে লগইন করুন
Facebook দিয়ে লগইন করুন অথবা মোবাইল / ইমেইল দিয়ে লগইনএখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।