ভারতে ভিজিটর ভিসায় থাকছে ১০ বছর মেয়াদি সুবিধা
বিদেশি ভ্রমণকারীদের জন্য ভিসাব্যবস্থায় পরিবর্তন এনেছে ভারত। দেশটির সরকার পর্যটন ভিসার নাম পরিবর্তন করে ‘ভিজিটর ভিসা’ করেছে। একই সঙ্গে এই ভিসাকে ভি-১ ও ভি-২- দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে। নতুন ব্যবস্থায় স্বল্পমেয়াদি ভ্রমণের পাশাপাশি এক, পাঁচ ও ১০ বছর মেয়াদি ভিসার সুযোগ রাখা হয়েছে।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
নতুন নিয়মে ভিজিটর ভিসার আওতায় শুধু পর্যটন নয়, স্বল্পমেয়াদি বিভিন্ন কাজেও ভারতে যাওয়ার সুযোগ থাকবে। এর মধ্যে রয়েছে ব্যবসায়িক সভায় অংশ নেওয়া, চিকিৎসকের পরামর্শ নেওয়া, অবকাশযাপন, বিভিন্ন অভিজ্ঞতাভিত্তিক কার্যক্রম এবং ভারতীয় ভাষা, সংগীত, শিল্প ও কারুশিল্পের স্বল্পমেয়াদি কোর্সে অংশ নেওয়া।
ভি-১ ভিসা: ৩০ দিনের জন্য
স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য ভি-১ ভিসা দেওয়া হবে। এই ভিসার মেয়াদ ৩০ দিন এবং এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। ব্যবসায়িক সভা, চিকিৎসকের পরামর্শ, অবকাশযাপন এবং ভারতীয় ভাষা, সংগীত, শিল্প ও কারুশিল্পের স্বল্পমেয়াদি কোর্সসহ নির্ধারিত কয়েকটি কাজে এই ভিসা ব্যবহার করা যাবে।
ভি-২ ভিসা: সর্বোচ্চ ১০ বছর
যারা দীর্ঘমেয়াদে বা বারবার ভারতে যেতে চান, তাদের জন্য ভি-২ ভিসার ব্যবস্থা রাখা হয়েছে। এই ভিসার মেয়াদ হবে এক, পাঁচ অথবা ১০ বছর। ভি-১ ভিসার আওতাভুক্ত কার্যক্রমের পাশাপাশি পর্বতারোহণের সুযোগও থাকছে এতে।
পর্বতারোহণের জন্য আলাদা ব্যবস্থায় ছয় মাস মেয়াদি একাধিকবার প্রবেশের ভিসা দেওয়া হবে।
ভিসার শ্রেণি ১৩ থেকে কমে ৯
ভিজিটর ভিসার নাম ও ধরন পরিবর্তন ভারতের ভিসাব্যবস্থা সহজ করার বৃহত্তর উদ্যোগের অংশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ২৭ আগস্ট এ পরিবর্তনের ঘোষণা দেয়। এতে ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি করা হয়েছে। উপশ্রেণির সংখ্যা ৪৯ থেকে কমিয়ে ২৩ করা হয়েছে।
এর আগে ২০২৫ সালের অক্টোবরে ভিসার প্রধান শ্রেণি ২২টি থেকে কমিয়ে ১৩টি এবং উপশ্রেণি ৬৩টি থেকে কমিয়ে ৪৯টি করা হয়েছিল।
ভারত সরকারের লক্ষ্য, একই ধরনের ভ্রমণ ও স্বল্পমেয়াদি কার্যক্রমকে কমসংখ্যক ভিসা শ্রেণির আওতায় এনে আবেদনপ্রক্রিয়া সহজ করা। এতে পর্যটক, শিক্ষার্থী ও গবেষকদের জন্য ভিসা নেওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি

মন্তব্য করতে লগইন করুন
Facebook দিয়ে লগইন করুন অথবা মোবাইল / ইমেইল দিয়ে লগইনএখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।