লবণাক্ত উপকূলে কৃষিবৈচিত্র্যের অনন্য দৃষ্টান্ত সরমা রানীর
ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও জলাবদ্ধতার মতো নানা প্রতিকূলতার মধ্যেও কৃষিবৈচিত্র্যের অনন্য দৃষ্টান্ত গড়ে তুলেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের সরমা রানী মণ্ডল (৪৮)। স্থানীয় জ্ঞান, উদ্ভাবনী কৌশল ও পরিবেশবান্ধব কৃষিচর্চার মাধ্যমে নিজের বাড়ির আঙিনাকেই তিনি পরিণত করেছেন বৈচিত্র্যময় কৃষিব্যবস্থায়।
পারিবারিক আর্থিক সংকট ও স্বামী বিমল মণ্ডলের অসুস্থতার মধ্যেও কৃষিকাজের মাধ্যমে সংসারের হাল ধরেছেন সরমা রানী। নিজের ৬৬ শতক জমির অর্ধেকে ধান এবং বাকি অংশে সবজি ও ফলের চাষ করেন। পাশাপাশি বর্গা জমিতেও ধান আবাদ করেন। লবণাক্ত পরিবেশে জৈব পদ্ধতিতে সবজি উৎপাদন করে মাসে প্রায় ৭ থেকে ৮ হাজার টাকা আয় করছেন তিনি। এই অর্থে সন্তানের পড়াশোনার খরচ মেটানোর পাশাপাশি সঞ্চয়ও করছেন।
তাঁর বাড়িতে লাউ, মিষ্টিকুমড়া, বরবটি, ঢেঁড়স, বেগুন, শসা, শিমসহ বিভিন্ন সবজির পাশাপাশি মরিচের ১২টি জাত, আদা, হলুদ ও চুইঝালের চাষ হচ্ছে। রয়েছে আম, জাম, নারকেল, ডালিম, লেবু, কলা ও পেঁপেসহ নানা ফলজ গাছ। বাড়ির পুকুরে তেলাপিয়া, কৈ, মাগুর, চিংড়ি, কাঁকড়া ও কুচে চাষের পাশাপাশি হাঁস-মুরগি ও কবুতর পালন করছেন তিনি।
জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে টাওয়ার, বস্তা, ঝুড়ি ও মাচা পদ্ধতিতে সবজি চাষ করেন। প্লাস্টিকের বোতল, বালতি ও বোয়ামও পুনর্ব্যবহার করছেন। রাসায়নিক বালাইনাশকের পরিবর্তে নিমপাতা, মেহগনির ফল, রসুন, ছাই ও তামাক দিয়ে তৈরি জৈব বালাইনাশক ব্যবহার করেন।
২০১৮ সালে বারসিক তাঁর বাড়িকে প্রাণবৈচিত্র্যসমৃদ্ধ কৃষিবাড়ি হিসেবে ঘোষণা করে। পরবর্তী সময়ে এটি শতবাড়ি প্রকল্পের আওতায় কৃষিপ্রতিবেশবিদ্যা শিখনকেন্দ্র হিসেবে বিকশিত হয়। বর্তমানে বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা সেখানে এসে অভিজ্ঞতা বিনিময় করেন। সরমা রানী বীজ সংরক্ষণ, জৈব বালাইনাশক তৈরি ও কৃষক সংগঠনের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন। বাড়িতে গড়ে তুলেছেন ছোট একটি বীজ ব্যাংক।
তাঁর উদ্যোগে অনুপ্রাণিত হয়ে এলাকার আরও কয়েকজন নারী কৃষিকাজে যুক্ত হয়েছেন। তবে গোবর সংগ্রহ করে জৈব সার তৈরি করতে বাড়তি খরচ হওয়ায় সরকারি-বেসরকারি সহযোগিতা প্রত্যাশা করছেন তিনি।
সরমা রানীর কৃষিচর্চা প্রমাণ করে, প্রতিকূল উপকূলেও স্থানীয় জ্ঞান ও কৃষিবৈচিত্র্যের সমন্বয়ে পরিবেশবান্ধব ও দুর্যোগসহনশীল কৃষিব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
মন্তব্য করতে লগইন করুন
Facebook দিয়ে লগইন করুন অথবা মোবাইল / ইমেইল দিয়ে লগইনএখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।