সংবাদ প্রকাশের পর খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান, ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাঁদা জব্দ
সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ড্রেজার স্থাপন করা চারটি ইঞ্জিনচালিত বোট (কার্গো) ও সাতটি বালুর গাঁদা জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে উত্তোলিত বালু ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত আবু মুছা কোম্পানির ম্যানেজার আনিছুর রহমানকে দুই মাসের কারাদণ্ড, অনাদায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে খোলপেটুয়া নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাসের উপস্থিতিতে অভিযানে নেতৃত্ব দেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুজ্জাহান কনক এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান।
অভিযানে নদীতীরবর্তী আবু মুছা ও কামরুজ্জামান কোম্পানিসহ বেলাল হোসেনের সংশ্লিষ্টতা থাকা সাতটি প্রতিষ্ঠানের বালুর গাঁদা জব্দ করা হয়। পাশাপাশি ড্রেজার স্থাপন করা চারটি ইঞ্জিনচালিত বোটও জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৈধ বালুমহালের অনুমোদন ও ইজারা ছাড়াই দীর্ঘদিন ধরে খোলপেটুয়া ও কপোতাক্ষ নদীর বিভিন্ন পয়েন্টে ড্রেজার ও কার্গো ব্যবহার করে বালু উত্তোলন করে আসছে একটি প্রভাবশালী চক্র। অভিযোগ রয়েছে জি এম হাবিবুল্লাহ এবং আটুলিয়া ইউনিয়নের গাজী আল আমিনের তত্ত্বাবধানে প্রতি বর্গফুট তিন টাকা চুক্তিতে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অভিযোগ অনুযায়ী, প্রতিরাতে ১০ থেকে ১২টি কার্গো, বালুবাহী বোলগেট ও ড্রেজার ব্যবহার করে নদীর বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ বালু উত্তোলন করা হয়। উত্তোলিত বালু বেলাল, মুজিবর, সাম্পান, সোহেল ও জামান সাহেবসহ বিভিন্ন ব্যক্তির গাঁদায় মজুত করা হয়। প্রতিরাতে লক্ষাধিক ঘনফুট বালু উত্তোলনের কারণে আনুমানিক তিন লাখ টাকার বাণিজ্য হচ্ছে বলেও স্থানীয় সূত্রের দাবি।
অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর তলদেশের স্বাভাবিক গঠন পরিবর্তনের পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ এবং নদীতীরবর্তী জনপদ ভাঙনের ঝুঁকিতে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে এভাবে বালু উত্তোলন চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে।
এ বিষয়ে দৈনিক গ্রামের কাগজ সহ কয়েকটি সংবাদপত্রে অবৈধ বালু উত্তোলন নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হয়। এরই ধারাবাহিকতায় গত ৯ নভেম্বর শ্যামনগর উপজেলা প্রশাসন খোলপেটুয়া নদীতে অভিযান শুরু করে। পরবর্তী সময়ে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ ও দণ্ডাদেশের কার্যক্রম পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে নদীর বিভিন্ন স্থান থেকে ড্রেজার স্থাপন করা চারটি ইঞ্জিনচালিত বোট এবং সাতটি বালুর গাঁদা জব্দ করা হয়। এ সময় আবু মুছার মালিকানাধীন প্রতিষ্ঠানের ম্যানেজার আনিছুর রহমানকে আটক করে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত তাঁকে দুই মাসের কারাদণ্ড, অনাদায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুজ্জাহান কনক জানান, জব্দ করা বালুর গাঁদা ও ইঞ্জিনচালিত বোটগুলো স্থানীয় চেয়ারম্যান আবু সালেহ এবং সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। পরবর্তী সময়ে জব্দ করা সম্পদের মূল্য নির্ধারণ করে প্রকাশ্য নিলামে বিক্রি করা হবে। নিলাম থেকে প্রাপ্ত সমুদয় অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
মন্তব্য করতে লগইন করুন
Facebook দিয়ে লগইন করুন অথবা মোবাইল / ইমেইল দিয়ে লগইনএখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।