হেসুসের মৃত্যুর ঘটনায় বড় শাস্তি পেলেন সেই গোলরক্ষক
এফসি এন্ডোরার গোলরক্ষক হেসুস ওনোওর এখন বেঁচে থাকাটাই বড় এক শাস্তি হয়ে দাঁড়িয়েছে। তার এক ট্যাকল থেকেই তেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগেলের মৃত্যু হয়েছিল। এবার সেই ঘটনায় আনুষ্ঠানিকভাবে বড় শাস্তি নেমে এসেছে তার ওপর। তাকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
২ নভেম্বর দ্বিতীয় স্তরের এক ম্যাচে দে মিগেলের সঙ্গে সংঘর্ষের পর লাল কার্ড দেখেন ২৫ বছর বয়সী ওনো। পরদিন মারা যান ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ফেডারেশনের শৃঙ্খলা কমিটি জানিয়েছে, সর্বোচ্চ শাস্তিই যুক্তিসংগত। কমিটি রেফারির প্রতিবেদনের কথা উল্লেখ করেছে। সেখানে বলা হয়েছে, ওনোর ট্যাকল ছিল প্রতিপক্ষের বুকে অতিরিক্ত শক্তিতে করা সহিংস আঘাত।
ম্যাচটি ইনজুরি সময়ের সপ্তম মিনিটে বন্ধ হয়ে যায়। তখন স্কোর ছিল ২–২। ম্যাচটি আর নতুন করে খেলা হবে না। ফেডারেশন বলেছে, ওই মর্মান্তিক পরিস্থিতিতে ফল বহাল রাখাই সবচেয়ে সম্মানজনক পথ।
ওনোর ফুটবলে ফেরা নিয়ে অনিশ্চয়তা আছে। বৃহস্পতিবার এন্ডোরার কোচ কার্লেস মানসো জানান, ইকুয়েটরিয়াল গিনির এই আন্তর্জাতিক খেলোয়াড় এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। খেলায় ফিরবেন কি না, তা তিনি এখনো ঠিক করেননি।
মানসো বলেন, ক্লাব গোলরক্ষকের পাশে থাকবে। কবে এবং আদৌ পেশায় ফিরতে প্রস্তুত বোধ করবেন কি না, তা ঠিক করার জন্য তাকে পর্যাপ্ত সময় দেওয়া হবে।
মন্তব্য করতে লগইন করুন
Facebook দিয়ে লগইন করুন অথবা মোবাইল / ইমেইল দিয়ে লগইনএখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।