হরমুজে মাইনে আঘাত, দুই তেলবাহী জাহাজে আগুন
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শনিবার (১৪ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রকাশিত আইআরজিসির নৌবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটি রাডার ও অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে গোপনে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় অনুমোদনহীন পথে চলাচলের একপর্যায়ে সেগুলো নৌমাইনে আঘাত হানে। এতে দুটি জাহাজেই বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।
তবে জাহাজ দুটির নাম, মালিকানা বা কোন দেশের পতাকাবাহী, সে বিষয়ে কিছু জানায়নি আইআরজিসি। শুধু বলা হয়েছে, জাহাজ দুটির একটি সুপারট্যাংকার।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ইরান। দেশটির দাবি, এই প্রণালি দিয়ে চলাচল করতে হলে জাহাজগুলোকে ইরানের অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া চলাচলের চেষ্টা করা জাহাজে হামলার ঘটনাও ঘটিয়েছে তেহরান।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ পথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাস পরিবহণ করা হয়। ফলে এ পথে জাহাজ চলাচলে যেকোনো ধরনের বিঘ্ন আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে।
মন্তব্য করতে লগইন করুন
Facebook দিয়ে লগইন করুন অথবা মোবাইল / ইমেইল দিয়ে লগইনএখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।