খবরে রয়েছে

জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

অনলাইন ডেস্ক শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ · রাত ১১:৪৭ · হালনাগাদ: ৪ ঘণ্টা আগে
জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের
জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

জলবায়ু সংকটের জন্য দায়ী উন্নত দেশগুলোকেই ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমে অর্থায়নের দায়িত্ব নিতে হবে বলে দাবি জানিয়েছেন বৈশ্বিক দক্ষিণের নাগরিক সমাজের প্রতিনিধিরা। 

‎

‎তারা বলেছেন, জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি নয়, এখন প্রয়োজন সুনির্দিষ্ট রোডম্যাপ, পর্যাপ্ত অর্থ ছাড় এবং জবাবদিহি নিশ্চিত করা।

‎

‎শনিবার তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। কোস্ট ফাউন্ডেশন বাংলাদেশ, ভারতের মৌসম ও লিডার্স বাংলাদেশ যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

‎

‎সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অভিযোজন অর্থায়ন তিন গুণ করার প্রস্তাব কপ-৩১-এর পৃথক আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও দেশগুলোর মধ্যে ঐকমত্য না হওয়ায় তা সম্ভব হয়নি। এ অঙ্গীকার বাস্তবায়নে সম্মেলন থেকেই পরিমাপযোগ্য লক্ষ্যমাত্রা, স্বচ্ছ অর্থায়ন ব্যবস্থা ও জবাবদিহির কাঠামো নির্ধারণ করতে হবে।

‎

‎কোস্ট ফাউন্ডেশনের এমএ হাসান বলেন, প্যারিস চুক্তির ৯.১ অনুচ্ছেদ অনুযায়ী উন্নত দেশগুলোর ওপর উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমে অর্থায়নের বাধ্যবাধকতা রয়েছে। এটি কোনো দয়া বা স্বেচ্ছামূলক সহায়তা নয়, বরং আন্তর্জাতিক চুক্তিতে স্বীকৃত দায়িত্ব। বেসরকারি অর্থায়নের মাধ্যমে উন্নত দেশগুলোর এই বাধ্যবাধকতা প্রতিস্থাপন করা যাবে না।

‎

‎ভারতের সৌম্য দত্ত বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো বন্যাসহ বিভিন্ন জলবায়ু দুর্যোগে কয়েক বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়ছে। অথচ ঘোষিত অনুদান প্রয়োজনের তুলনায় নগণ্য। এ পরিস্থিতিতে আঞ্চলিক সংহতি ও পর্যাপ্ত অর্থায়ন জরুরি।

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।