খবরে রয়েছে

সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে খোলপেটুয়া নদীতে শত শত নৌকায় ভাসমান মানববন্ধন

অনলাইন ডেস্ক: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ · রাত ৮:০৪ · হালনাগাদ: ৫ ঘণ্টা আগে
সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে খোলপেটুয়া নদীতে শত শত নৌকায় ভাসমান মানববন্ধন
সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে খোলপেটুয়া নদীতে শত শত নৌকায় ভাসমান মানববন্ধন

দস্যুমুক্ত করা এবং বনজীবীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে খোলপেটুয়া নদীতে ব্যতিক্রমী ভাসমান মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে খোলপেটুয়া নদীতে শত শত নৌকা নিয়ে এ কর্মসূচিতে অংশ নেন সুন্দরবননির্ভর জেলে, বাওয়ালি ও বনজীবীরা। নদীতে সারিবদ্ধভাবে নৌকা নিয়ে অবস্থান করে তাঁদের এক দফা দাবি তুলে ধরেন—সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে হবে এবং নিরাপদে বনে মাছ ও কাঁকড়া আহরণের নিশ্চয়তা দিতে হবে।

কর্মসূচিতে বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক সালাউদ্দিন লিটন, শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও নাগরিক প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সুন্দরবনের বিভিন্ন এলাকায় বনদস্যুদের তৎপরতা, জেলে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের কারণে বনজীবীদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জীবিকার তাগিদে বনে যেতে চাইলেও অপহরণ ও চাঁদাবাজির আতঙ্কে অনেকেই যেতে সাহস পাচ্ছেন না। ফলে হাজার হাজার পরিবার জীবিকা সংকটে পড়েছে।

বক্তারা সুন্দরবনে বনদস্যুদের বিরুদ্ধে বন বিভাগ, কোস্টগার্ড ও নৌ-পুলিশের সমন্বয়ে ২৪ ঘণ্টা যৌথ টহল জোরদার, সক্রিয় দস্যু বাহিনীগুলোকে দ্রুত গ্রেপ্তার এবং তাদের আশ্রয়-প্রশ্রয়দাতা ও সহযোগীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বনদস্যু নির্মূল কমিটির সমন্বয়ক সালাউদ্দিন লিটন বলেন, আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি চললেও এখনো প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। দ্রুত অভিযান শুরু না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির বনদস্যু নির্মূলের দাবিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে তুলে ধরার কথা জানান।

অন্যদিকে, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান জানান, জেলে ও বাওয়ালিদের দাবির সঙ্গে বন বিভাগ একমত। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বনদস্যুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথ অভিযান চালানোর প্রস্তুতি রয়েছে।

উল্লেখ্য, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে গত ২৯ অক্টোবর শ্যামনগরের গাবুরা ইউনিয়নের সোরায় মানববন্ধনের মধ্য দিয়ে ধারাবাহিক আন্দোলন শুরু হয়। পরবর্তী সময়ে বিভিন্ন এলাকায় মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, গণমিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় এবার খোলপেটুয়া নদীতে নৌকা নিয়ে ভাসমান মানববন্ধন করেন বনজীবীরা।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করে বনজীবীদের নিরাপদে জীবিকা নির্বাহের পরিবেশ নিশ্চিত না করা পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।