লবণাক্ততার চ্যালেঞ্জ মোকাবিলায় শ্যামনগরে কৃষকদের নতুন কৃষি কৌশল
উপকূলীয় অঞ্চলে কৃষিজমির লবণাক্ততা মোকাবিলা, স্থানীয় বীজ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে কৃষক-কৃষাণীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে বুড়িগোয়ালিনী ইউনিয়নের পানখালী এগ্রোইকোলজি লার্নিং সেন্টারে ‘লবণাক্ততা নিরসন এবং উপকূলীয় কৃষি অভিযোজন’ শীর্ষক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ২০ জন কৃষক ও কৃষাণী অংশ নেন।
প্রশিক্ষণে কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতির সঙ্গে পরিচিত করার পাশাপাশি লবণসহিষ্ণু ধানের জাত, সবজি উৎপাদনে বেড পদ্ধতি, প্রাকৃতিক মালচিং, জলপট্টি, স্যালাইন পদ্ধতি এবং টাওয়ার পদ্ধতিতে চাষাবাদের বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। একই সঙ্গে বৃষ্টির পানি সংরক্ষণ, উন্নত সেচ ব্যবস্থাপনা এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
দক্ষিণ শ্রীফলকাটি এগ্রোইকোলজি লার্নিং সেন্টারের তত্ত্বাবধায়ক গোবিন্দ মণ্ডল প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট-তেরকাটি গ্রামের প্রবীণ কৃষক সাধন কুমার বিশ্বাস।
আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এলাকায় মাটির লবণাক্ততা বাড়ছে। বিশেষ করে জোয়ারের লবণাক্ত পানি কৃষিজমিতে প্রবেশ এবং অপরিকল্পিত চিংড়ি ও কাঁকড়া চাষের কারণে এ সংকট আরও প্রকট হচ্ছে। এতে ঐতিহ্যবাহী ফসলের উৎপাদন ব্যাহত হচ্ছে এবং অনেক আবাদযোগ্য জমি অনাবাদি থেকে যাচ্ছে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে স্থানীয় পরিবেশ ও মাটির উপযোগী লবণসহিষ্ণু ফসলের জাত সম্প্রসারণের পাশাপাশি কৃষিতে বিকল্প পদ্ধতি প্রয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়। স্থানীয় জাতের বীজ সংরক্ষণ এবং কৃষকদের মধ্যে বীজ বিনিময়ের ধারাবাহিকতা বজায় রাখতে কমিউনিটিভিত্তিক বীজ ব্যাংক প্রতিষ্ঠার বিষয়টিও আলোচনায় উঠে আসে।
পরিকল্পনা সভার উন্মুক্ত আলোচনায় কৃষকেরা তাঁদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, চাষাবাদের প্রতিবন্ধকতা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় বক্তারা বলেন, উপকূলীয় কৃষিকে টেকসই ও লাভজনক করতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি কৃষকদের নিজস্ব অভিজ্ঞতা, স্থানীয় জ্ঞান এবং সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের গ্রিন কোয়ালিশনের সদস্য হীরা পারভীন, পানখালী এগ্রোইকোলজি লার্নিং সেন্টারের তত্ত্বাবধায়ক কনিকা রানী, বারসিকের মনিকা পাইকসহ স্থানীয় কৃষক ও কৃষাণীরা।
কর্মশালার সমাপনী পর্যায়ে উপকূলীয় এলাকার খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের জীবনমান উন্নয়নে স্থানীয় পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্তব্য করতে লগইন করুন
Facebook দিয়ে লগইন করুন অথবা মোবাইল / ইমেইল দিয়ে লগইনএখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।