খবরে রয়েছে

তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, মুক্তিপণ দাবি: কনস্টেবলসহ আটক ২

অনলাইন ডেস্ক: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ · দুপুর ১২:১২ · হালনাগাদ: ১৪ ঘণ্টা আগে
দুই কনস্টেবলসহ আটক- ছবি
দুই কনস্টেবলসহ আটক- ছবি

‎সাতক্ষীরার তালায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে তাঁর স্ত্রীর কাছে মুক্তিপণ দাবির অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে হ্যান্ডকাফ, পুলিশের দুটি প্রতিফলক ভেস্ট, একটি মোটরসাইকেল ও নগদ ১ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়েছে।

‎রোববার (১৫ নভেম্বর) সকালে তালা উপজেলার তেঁতুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎আটক ব্যক্তিরা হলেন পুলিশ কনস্টেবল সোহেল আহম্মেদ। তিনি যশোরের কোতোয়ালি থানার বারান্দীপাড়া এলাকার জুলহাস উদ্দিনের ছেলে। অপরজন মতিউর হোসেন মোরসালিন। তিনি তালার তেঁতুলিয়া গ্রামের সৈয়দ মৈনুলের ছেলে। বর্তমানে খুলনার সোনাডাঙ্গা এলাকায় বসবাস করেন।

‎অপহরণের শিকার ব্যবসায়ী কাশেম সরদার তালার সুকদেবপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তেঁতুলিয়া বাজারে তাঁর সাইকেল ও ভ্যানের যন্ত্রাংশের দোকান রয়েছে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে কাশেম সরদার দোকানে কাজ করছিলেন। এ সময় দুই ব্যক্তি সেখানে গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। একপর্যায়ে তাঁরা কাশেমের হাতে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে তাঁর স্ত্রীর মোবাইল ফোনে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে।

‎ঘটনার পর ব্যবসায়ীর স্ত্রী তালা থানায় অভিযোগ করেন। এর ভিত্তিতে পুলিশ তদন্ত ও অভিযান শুরু করে। একপর্যায়ে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় তালা ও ডুমুরিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে দুজনকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে হ্যান্ডকাফ, দুটি প্রতিফলক ভেস্ট, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ করা হয়।

‎তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

‎

‎

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।