লিডার্সের উদ্যোগে ১১০ কৃষকের মাঝে শীতকালীন সবজির বীজ ও কৃষি উপকরণ বিতরণ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, উপকূলীয় কৃষির সহনশীলতা বৃদ্ধি এবং পরিবারের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার ১১০ জন কৃষকের মাঝে শীতকালীন শাকসবজির বীজ ও সহায়ক কৃষি উপকরণ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স (LEADERS)।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) লিডার্স বাস্তবায়িত Climate Action at Local Level (CALL) প্রকল্পের আওতায় এ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। Global Alliance for Improved Nutrition (GAIN)-এর সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
আরও পড়ুন
বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চল, জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমবর্ধমান খাদ্য ও কৃষি সংকটের মুখে রয়েছে। ঘন ঘন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততার অনুপ্রবেশ, অনিয়মিত বৃষ্টিপাত, জলাবদ্ধতা ও খরার কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি সেচের জন্য মিঠাপানির সীমিত প্রাপ্যতা কৃষকদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এ অঞ্চলের প্রায় ৬২ শতাংশ জমি মাটির লবণাক্ততায় আক্রান্ত। শুষ্ক মৌসুমে লবণাক্ততার মাত্রা ৪ ডিএস/মিটার ছাড়িয়ে যায়। ফলে উপকূলীয় এলাকায় কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে।
এ পরিস্থিতি মোকাবিলায় জলবায়ু সহনশীল পুষ্টি বাগান গড়ে তোলার উদ্যোগ নিয়েছে লিডার্স। প্রকল্প এলাকার ৪ হাজার ৮০০ কৃষকের মধ্য থেকে উপযুক্ত ১১০ জনকে নির্বাচন করে এ সহায়তা দেওয়া হচ্ছে। নির্বাচিত প্রত্যেক কৃষককে লাউ, মিষ্টিকুমড়া, পালংশাক, লালশাক ও গিমা কলমির বীজের পাশাপাশি পানি দেওয়ার ঝাঁঝরি, স্প্রে মেশিন, নেট ও জৈব সার প্রদান করা হয়েছে।
এ উদ্যোগের আওতায় কৃষকদের প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নেও সহায়তা করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকরা নিজ বাড়িতে জলবায়ু সহনশীল পুষ্টি বাগান গড়ে তুলে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত উৎপাদিত সবজি বাজারে বিক্রি করে বাড়তি আয় করতে পারবেন বলে আশা করছে লিডার্স। একই সঙ্গে এসব বাগান প্রদর্শনী দেখে এলাকার অন্যান্য কৃষকও পুষ্টি বাগান গড়ে তুলতে উৎসাহিত হবেন।
প্রকল্পটি বাস্তবায়নে উপজেলা কৃষি অফিস সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডার্সের নির্বাহী পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক আলহাজ্ব নজরুল ইসলাম। তিনি কৃষকদের উদ্দেশে বলেন, প্রাপ্ত বীজ ও কৃষি উপকরণ যথাযথভাবে ব্যবহার করতে হবে। চাষাবাদের সময় কোনো সমস্যার সম্মুখীন হলে উপজেলা কৃষি অফিসের সহযোগিতা নিতে হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন CALL প্রকল্পের মাঠ সহায়ক মো. কানিজুর রহমান, অনুপ কুমার মণ্ডল ও মোছা. সালমা খাতুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্প কর্মকর্তা সুব্রত কুমার গাইন।
মন্তব্য করতে লগইন করুন
Facebook দিয়ে লগইন করুন অথবা মোবাইল / ইমেইল দিয়ে লগইনএখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।