খবরে রয়েছে

মানবপাচারে সহায়তা ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে শ্যামনগরে দুইজন আটক ‎

অনলাইন ডেস্ক; সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ · দুপুর ১:২২ · হালনাগাদ: ১৩ ঘণ্টা আগে
বিজিবি টহল এবং আটক ব্যক্তিদের ছবি:
বিজিবি টহল এবং আটক ব্যক্তিদের ছবি:

‎সাতক্ষীরার শ্যামনগরে মানবপাচারে সহায়তা, সীমান্তে চোরাচালান ও বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধীন উত্তর কৈখালী ও কৈখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।

‎আটক ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার সাহেদখালী গ্রামের মো. আইজুল (৩৮) ও মল্লিকপাড়া গ্রামের মো. দেলোয়ার (৪২)।

‎বিজিবি সূত্রে জানা গেছে, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান, মানবপাচারে সহায়তা এবং বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। বিশেষ করে সীমান্তপথে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবৈধভাবে পারাপারে সহযোগিতা করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

‎নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

‎প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।