খবরে রয়েছে

কালিগঞ্জে ঘেরের ভেড়িতে সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে লিডার্সের মাঠ দিবস

অনলাইন ডেস্ক: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · রাত ১:০২
সংগৃহীত
সংগৃহীত
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আধুনিক ও জলবায়ু সহিষ্ণু চাষাবাদে উৎসাহিত করতে সাতক্ষীরার কালিগঞ্জে ধান ফসল কর্তন ও উচ্চ ফলনশীল শাক-সবজি চাষ বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (১৬ নভেম্বর) কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ভাড়াশিমলা গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের Climate Action at Local Level (CALL) প্রকল্পের উদ্যোগে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। এতে স্থানীয় কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন।

‎অনুষ্ঠানে ধান ফসল কর্তনের মাধ্যমে ফলন প্রদর্শন করা হয়। পাশাপাশি ঘেরের ভেড়ি ও মাচা পদ্ধতিতে উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের শাক-সবজি চাষের পদ্ধতি, সম্ভাবনা ও উপকারিতা তুলে ধরা হয়।

‎মাঠ দিবসে কুমড়া, তরমুজ, লাউ, শসা, করলা, ঢেঁড়স ও বরবটিসহ বিভিন্ন উচ্চমূল্যের শাক-সবজি চাষের আধুনিক কলাকৌশল, পরিচর্যা, রোগবালাই ব্যবস্থাপনা এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই জমিতে ধান ও মৎস্য চাষের পাশাপাশি ঘেরের ভেড়িতে শাক-সবজি উৎপাদনের মাধ্যমে জমির সর্বোত্তম ব্যবহার, পরিবারের পুষ্টির চাহিদা পূরণ এবং বাড়তি আয় নিশ্চিত করার বিষয়ে কৃষকদের উৎসাহিত করা হয়।

‎অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা জি. এম. শফিউল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোছা. আলেয়া খাতুন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম।

‎এ ছাড়া লিডার্সের CALL প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মৃনাল কুমার সরকার, ফিল্ড অফিসার সুমন ঢালী, আনিছুর রহমান ও মোসলেমা পারভীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রচলিত চাষাবাদের পাশাপাশি আধুনিক, পরিবেশবান্ধব ও জলবায়ু সহিষ্ণু কৃষি প্রযুক্তি গ্রহণ করা জরুরি। ঘেরের ভেড়িতে মাচা পদ্ধতিতে বিভিন্ন ধরনের শাক-সবজি চাষের মাধ্যমে অব্যবহৃত জমিকে উৎপাদনমুখী করা সম্ভব। এতে একদিকে পরিবারের পুষ্টির চাহিদা পূরণ হবে, অন্যদিকে উৎপাদিত অতিরিক্ত সবজি বাজারজাত করে কৃষকদের আর্থিক সচ্ছলতা বাড়বে।

‎মাঠ দিবসে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীরা প্রদর্শিত কৃষি প্রযুক্তি ও ফসলের ফলন দেখে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতে এসব আধুনিক ও জলবায়ু সহিষ্ণু কৃষি প্রযুক্তি নিজেদের চাষাবাদে প্রয়োগের আগ্রহ ব্যক্ত করেন।

‎

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।