খবরে রয়েছে

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

এমডি ইয়াসিন মোড়ল বার্তা সম্পাদক রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ · সন্ধ্যা ৬:১৫ · হালনাগাদ: ১১ ঘণ্টা আগে
সংগৃহীত
সংগৃহীত

‎জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ, উপকূলবাসীর অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ সুপেয় পানি এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে শ্যামনগর উপজেলা চত্বরে উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের উদ্যোগে এবং লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাগ্রিকালচারাল রিসার্চ সোসাইটির (লিডার্স) সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।

‎উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি এম এম আমজাদ হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহমান। এ সময় প্রকল্প কর্মকর্তা মোছা. শামিম, সীমা মণ্ডল, আবদুর রহিম ও আব্দুল্লাহসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নানা শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

‎মানববন্ধনে বক্তারা উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব তুলে ধরে ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য অধিকার ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, লবণাক্ততা সহনশীল কৃষি এবং জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।