বাংলাদেশের ঘরোয়া রাজনীতিতে নাক গলাতে চায় না দিল্লী
ঢাকার রাজনীতিতে কী ঘটছে, তা নিয়ে আপাতত কোনো মন্তব্য করতে চায় না নয়াদিল্লি। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্নের মুখে সংযত অবস্থান প্রকাশ করলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। গতকাল শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়ে দিলেন, বাংলাদেশের ঘরোয়া বিষয় নিয়ে ভারতের কোনো মন্তব্য নেই। তবে প্রতিবেশী দেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার পক্ষে দিল্লি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মন্তব্য নিয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল জয়সওয়ালের কাছে। জবাবে তিনি বললেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে তার কিছু বলার নেই। ভারত ও বাংলাদেশের সম্পর্কের শিকড় অভিন্ন ইতিহাস, ত্যাগ এবং সাংস্কৃতিক বন্ধনে। সেই সম্পর্ককে ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যাওয়াই ভারতের লক্ষ্য।
প্রসঙ্গত, লালমনিরহাটের এক জনসভায় তারেক রহমান অভিযোগ করেছিলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমান্তের ওপারে থাকা রাজনৈতিক মদদদাতাদের খুশি করতে বাংলাদেশে অশান্তি তৈরির চেষ্টা করছেন। তার এই মন্তব্য ঘিরে দিল্লির অবস্থান জানতে চাওয়া হয়েছিল বিদেশ মন্ত্রকের কাছে। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিতর্কে জড়াতে চায়নি সাউথ ব্লক।
শেখ হাসিনার প্রত্যর্পণ এবং গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ বৃদ্ধি নিয়েও এদিন প্রশ্নের মুখে পড়েন জয়সওয়াল। তবে কোনো ক্ষেত্রেই নতুন কোনো সিদ্ধান্ত বা অগ্রগতির কথা জানাননি তিনি।
মন্তব্য করতে লগইন করুন
Facebook দিয়ে লগইন করুন অথবা মোবাইল / ইমেইল দিয়ে লগইনএখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।