উপকূলের দিকে এগোচ্ছে ‘আকভান’, সমুদ্রবন্দরে অব্যাহত সতর্ক সংকেত
প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটি আরও এগিয়ে আজ শুক্রবার সকাল ৯টা থেকে ১১টার মধ্যে ভারতের উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ শুক্রবার আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এসব তথ্য।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে এবং উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আরও পড়ুন
আবহাওয়া অধিদপ্তরের ভাষ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর অবস্থান ১৮.৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৪.৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
আজ সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৮৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ছিল। তখন কক্সবাজার থেকে ৮৬৫ কিলোমিটার, মোংলা থেকে ৭০০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল এটি।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা বা ঝড়ো হাওয়ার আকারে এই গতিবেগ ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।
উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। তাই সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকা দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
জীবন ও জীবিকার তাগিদে সাগরে থাকা মানুষদের নিরাপত্তার কথা ভেবে জারি করা হয়েছ এই সতর্কতা। বার্তায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরের সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
মন্তব্য করতে লগইন করুন
Facebook দিয়ে লগইন করুন অথবা মোবাইল / ইমেইল দিয়ে লগইনএখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।