রাজধানীর পল্লবীতে বাসে আগুন
রাজধানীর পল্লবীতে পার্কিং করে রাখা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসটির ভেতরের অধিকাংশ আসন ও কাচ পুড়ে গেছে। পরে স্থানীয় লোকজন বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে পল্লবী থানার সেকশন-১১-এর বিহারি মিল্লাত ক্যাম্পসংলগ্ন সড়কের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মধুমতি পরিবহনের বাসটি পার্কিং করা অবস্থায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আগুন দেয়। পরে স্থানীয় লোকজন বালু ও পানি দিয়ে আগুন নেভান। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দুই লাখ টাকা।
পল্লবী থানার ওসি মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মধুমতি পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়েছে। বাসটি মালিকের বাসার সামনে পার্কিং করা ছিল।
সম্প্রতি পল্লবী এলাকায় আরও অন্তত ৫টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এরমধ্যে গত ৭ নভেম্বর পল্লবী মেট্রো স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে বাসের কর্মীদের তাৎক্ষণিক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ওইদিন রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বাসটির পেছনের দিকে পেট্রল ছিটিয়ে আগুন দেয়। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।
এরপর গত ১১ নভেম্বর সকাল পৌনে সাতটার দিকে পল্লবী থানাধীন সেকশন-১২ এলাকার ফুলকলি মোড়ে একযোগে দুটি বাসে আগুন দেওয়া হয়। বাস দুটির একটি বিকল্প পরিবহনের, অন্যটি অভিজাতের।
গত ১৭ নভেম্বর রাত পৌনে ৯টায় পল্লবীর সিরামিক্স রোডে ‘মিরপুর সুপার লিং’ নামের দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে পল্লবী থানা পুলিশ।
একদিন পরই ১৮ নভেম্বর পল্লবী থানার সাগুফতা ফুড কার্ডের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ট্রাস্ট পরিবহনের সেই বাসটি রাস্তার পাশে দাঁড়ানো ছিল।
মন্তব্য করতে লগইন করুন
Facebook দিয়ে লগইন করুন অথবা মোবাইল / ইমেইল দিয়ে লগইনএখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।