শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

অনলাইন ডেস্ক মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ · সকাল ৮:৩৯ · হালনাগাদ: ৪ ঘণ্টা আগে
ছবি : শুটিং ড্রেসে সোহেল খান
ছবি : শুটিং ড্রেসে সোহেল খান

বগুড়ায় সিনেমার শুটিং করতে গিয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খান। ইকবাল হোসেন পরিচালিত ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে সেখানে অবস্থান করছিলেন তিনি। গতকাল সোমবার দিনব্যাপী শুটিংয়ে অংশ নিয়ে কাজ শেষ করেছিলেন। আজ মঙ্গলবারও শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। তবে সেটে প্রবেশের আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এই অভিনেতা। ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে আগামীর সময়ের সঙ্গে কথা বলেন নির্মাতা ইকবাল হোসেন। বগুড়া থেকে মোবাইল ফোনে তিনি বলেন, ‘সোহেল ভাই নসিব সিনেমার শুটিং করছিলেন। গতকাল সুন্দরভাবে শুটিং শেষ করেছেন। আজ সকাল সাড়ে ৮টায় তিনি নাশতা শেষ করেন। এরপর মেকআপ নেন। শুটিংয়ের পোশাক পরিবর্তন করে মেকআপ রুম থেকে সেটে ঢুকবেন, সে প্রস্তুতি নিচ্ছিলেন। শেষবারের মতো তিনি একটা সিগারেট খেয়েছেন। সেই সময়ই তিনি পড়ে যান।’

তাৎক্ষণিকভাবে তাকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ইকবাল বলেন, ‘এত সুন্দরভাবে আমরা শুটিং করছিলাম, এর মধ্যে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল।’

১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। আগামীকাল বুধবার তার অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। সিনেমাটির শুটিংয়ে তার সঙ্গে ছিলেন মুম্বাই থেকে আসা অভিনেতা মুকেশ ঋষিও।

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে পর্দায় যাত্রা শুরু করেন সোহেল খান। পরে ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক ‘৪২০’-এ অভিনয় করে পরিচিতি পান তিনি।

ছোট পর্দায় সোহেল খানের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ভালোবাসার যৌথ খামার’ ও ‘নিমন্ত্রণ রইল সবার’। শেষের টেলিছবিটিতে তাকে বাবার ভূমিকায় দেখা যায়।

বড় পর্দায় সোহেল খান অভিনয় করেছেন হুমায়ূন আহমেদের ‘নয় নম্বর বিপদ সংকেত’সহ ‘দারুচিনি দ্বীপ’, ‘কমন জেন্ডার’, ‘বীর’ ও ‘শান’ সিনেমায়। ‘দেশা: দ্য লিডার’ সিনেমায় তিনি অভিনয় করেন চেয়ারম্যানের চরিত্রে। ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় তাঁকে দেখা যায় গ্যারেজের মালিকের ভূমিকায়।

ঢাকার ধামরাইয়ের রাজাপুরে সোহেল খানের গ্রামের বাড়ি।

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।