নতুন পে-স্কেলে পেনশন সর্বোচ্চ ৭০ হাজার ২০০, সর্বনিম্ন ১০ হাজার টাকা
নতুন জাতীয় বেতনস্কেল কার্যকরের পর সরকারি পেনশনভোগীদের নিট পেনশন সর্বনিম্ন ১০ হাজার এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণ করেছে সরকার। বিদ্যমান পেনশনভোগীদের ক্ষেত্রে গত ৩০ জুন পাওয়া নিট পেনশনের ওপর ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির বিধান রাখা হয়েছে। একই সঙ্গে অবসর-উত্তর ছুটি, আনুতোষিক ও ছুটি নগদায়নের অর্থ নির্ধারণেও নতুন নিয়ম যুক্ত করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর কয়েকটি বিধান সংশোধন করা হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ১৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে জারি করা প্রজ্ঞাপনটি ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাইয়ের আগে থেকে যেসব পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগী মাসিক নিট পেনশন পাচ্ছেন, তাদের পেনশন ৩০ জুন ২০২৬ তারিখে পাওয়া অর্থের ভিত্তিতে পুনর্নির্ধারণ করা হবে।
এ ক্ষেত্রে ৯ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন ১০০ শতাংশ বাড়বে। ৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের বাড়বে ৭৫ শতাংশ, ২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের বাড়বে ৫৫ শতাংশ।
সংশোধিত বিধান অনুযায়ী, ৯ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া ব্যক্তিরা সর্বনিম্ন ১০ হাজার এবং সর্বোচ্চ ১৮ হাজার টাকা পাবেন। ৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের ক্ষেত্রে সর্বনিম্ন ১৮ হাজার ১ এবং সর্বোচ্চ ৩৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া ব্যক্তিরা সর্বনিম্ন ৩৫ হাজার ১ ও সর্বোচ্চ ৪৯ হাজার টাকা পাবেন। ৩০ হাজার ১ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের ক্ষেত্রে এ সীমা যথাক্রমে ৪৯ হাজার ১ ও ৬২ হাজার টাকা। আর ৪০ হাজার ১ টাকা বা তার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের সর্বনিম্ন ৬২ হাজার ১ এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে বিদ্যমান যেসব পেনশনভোগী ইতোমধ্যে মাসে ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন তুলছেন, তারা ২০২৭ সালের ১ জুলাই বার্ষিক নিট পেনশন বৃদ্ধি কার্যকর হওয়া পর্যন্ত আগের হারেই পেনশন পাবেন। কোনো মূল পেনশনভোগীর অধীনে একাধিক পারিবারিক পেনশনভোগী থাকলে মূল পেনশনভোগীর প্রাপ্য নিট পেনশনের ভিত্তিতে বিধি অনুযায়ী আনুপাতিক হারে তাদের মধ্যে অর্থ বণ্টন করতে হবে।
প্রজ্ঞাপনে পেনশন ও গ্র্যাচুইটি বা আনুতোষিকের বিদ্যমান হার অপরিবর্তিত রাখার কথা বলা হয়েছে। তবে নিট পেনশন ও আনুতোষিক নির্ধারণ করতে হবে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে। ধাপভিত্তিক বেতন বাস্তবায়নের কারণে কর্মচারী যে পরিমাণ মূল বেতন আহরণ করবেন, সেটির ভিত্তিতে পেনশন ও আনুতোষিক নির্ধারণ করা যাবে না। এছাড়া প্রাপ্য আনুতোষিকের সম্পূর্ণ অর্থ একসঙ্গে পরিশোধ করতে হবে।
অবসর-উত্তর ছুটিতে যাওয়ার সময় অনুযায়ী লাম্পগ্র্যান্ট বা এককালীন অর্থ নির্ধারণের বিষয়েও ব্যাখ্যা দেওয়া হয়েছে। ২০২৬ সালের ১ জুলাই কোনো কর্মচারীর অবসর-উত্তর ছুটি শুরু হলে ছুটির প্রাপ্যতা সাপেক্ষে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী অবসরকালীন নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন। আর ২০২৬ সালের ২ জুলাই বা তার পরে অবসর-উত্তর ছুটি শুরু হলে জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে ১৮ মাসের সমপরিমাণ অর্থ দেওয়া হবে। এ অর্থও একসঙ্গে পরিশোধ করতে হবে।
এ ছাড়া ২০২৬ সালের ১ জুলাই থেকে নতুন বেতনস্কেল জারির তারিখ পর্যন্ত সময়ে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী যেসব কর্মচারীর ছুটি নগদায়নের দাবি নিষ্পত্তি হয়েছে, তা পুনর্নির্ধারণ করতে হবে। পুনর্নির্ধারণের ফলে অতিরিক্ত লাম্পগ্র্যান্ট পাওনা হলে তা পরিশোধ করতে হবে।
কোনো মূল পেনশনভোগীর অধীনে একাধিক পারিবারিক পেনশনভোগী থাকলে মূল পেনশনভোগীর প্রাপ্য উৎসব ভাতার ভিত্তিতে বিধি অনুযায়ী আনুপাতিক হারে তাদের মধ্যে উৎসব ভাতা বণ্টন করতে হবে।
মন্তব্য করতে লগইন করুন
Facebook দিয়ে লগইন করুন অথবা মোবাইল / ইমেইল দিয়ে লগইনএখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।