গোপালগঞ্জ হয়ে চলবে না ঢাকা-সাতক্ষীরা রুটের বাস

অনলাইন ডেস্ক রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ · সকাল ৭:৪৭ · হালনাগাদ: ২ ঘণ্টা আগে
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

গোপালগঞ্জ ও বাগেরহাটের মোল্লাহাটে রাজনৈতিক অস্থিরতা ও সংঘর্ষের জেরে সাতক্ষীরা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল শনিবার বিকাল থেকে অনির্দিষ্টকালের জন্য গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে চলাচলকারী বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো। এতে রাজধানীর সঙ্গে সাতক্ষীরার সরাসরি যোগাযোগ ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

পরিবহন মালিক ও শ্রমিক নেতারা জানিয়েছেন, আগামী দুই দিন এ রুটে বাস চলাচল বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী মঙ্গলবার সকাল থেকে পদ্মা সেতু হয়ে বাস চলাচল পুনরায় শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে জরুরি প্রয়োজনে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বিকল্প পথে কয়েকটি কোম্পানির বাস চলাচল করছে।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, শনিবার বিকালে গোপালগঞ্জের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একই দিন বাগেরহাটের মোল্লাহাটেও বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাতক্ষীরা থেকে গোপালগঞ্জ ও ফরিদপুরের ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী অন্তত ১৫টি পরিবহন কোম্পানির বাস বন্ধ রাখা হয়েছে।

বাস চলাচল বন্ধ রাখা কোম্পানিগুলোর মধ্যে আছে এসপি গোল্ডেন লাইন, সাতক্ষীরা লাইন, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, ইমাদ পরিবহন, মাস্টার ট্রাভেলস, এন্টারপ্রাইজ, সায়রা পরিবহন, সুন্দরবন লাইন, মামুন এন্টারপ্রাইজ ও এইচআর পরিবহন।

তবে বিকল্প পথে রাজবাড়ীর গোয়ালন্দ ফেরিঘাট এবং নড়াইল হয়ে ফরিদপুরের ভাঙ্গা দিয়ে কয়েকটি কোম্পানির বাস চলাচল করছে।

চিকিৎসার জন্য সাতক্ষীরা থেকে ঢাকায় যেতে চাওয়া গৃহবধূ সালমা খাতুন জানান, এর আগেও বাস চলাচল বন্ধ থাকায় তাকে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করতে হয়েছিল। শনিবার ঢাকায় যাওয়ার সব প্রস্তুতি নিয়েও আবার বাস বন্ধের খবর পেয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

সাতক্ষীরা লাইনের কাউন্টার ম্যান মোকলেসুর রহমান জানিয়েছেন, গোপালগঞ্জের পরিস্থিতির কারণে সাতক্ষীরা-গোপালগঞ্জ রুটে বাস চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। বর্তমানে নড়াইল হয়ে ফরিদপুরের ভাঙ্গা দিয়ে বাস চলাচল করছে।

সাতক্ষীরা পরিবহন ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতি সরদার মুকুল জানিয়েছেন, আগের রাজনৈতিক অস্থিরতার পর ঝুঁকি নিয়েই শুক্রবার থেকে ১৫টি কোম্পানির বাস চলাচল শুরু হয়েছিল। কিন্তু শনিবার বিকালে আবার সংঘর্ষের ঘটনা ঘটায় গোপালগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তারা। আপাতত বিকল্প পথে বাস চলাচল করছে। পরিস্থিতি অনুকূলে থাকলে মঙ্গলবার সকাল থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল পুনরায় শুরু হবে।

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।