শরীয়তপুরে পদ্মা সেতু অবরোধ, ককটেল বিস্ফোরণ-মার্কেট রেস্তোরাঁয় আগুন

অনলাইন ডেস্ক রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ · সকাল ৮:০৪ · হালনাগাদ: ৪২ মিনিট আগে
ছবি - সংগৃহীত
ছবি - সংগৃহীত

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ, সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ এবং মার্কেট, রেস্তোরাঁ, মোটরসাইকেল ও বিএনপির সমাবেশের প্যান্ডেলে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় প্রায় দুই ঘণ্টা পদ্মা সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন সেতু ব্যবহারকারী যাত্রী ও চালকেরা।

রোববার সকাল ছয়টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা গোলচত্বর এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, ভোর থেকেই জাজিরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে বিক্ষোভকারীরা পদ্মা সেতুর জাজিরা প্রান্তে জড়ো হতে থাকেন। তাদের কারও হাতে ছিল লগি-বৈঠা, কারও হাতে দেশীয় অস্ত্র। একপর্যায়ে তারা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন বলে অভিযোগ রয়েছে।

এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অবরোধের কারণে পদ্মা সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেতু ও এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে আটকা পড়েন যাত্রী ও চালকেরা।

বিক্ষোভ ও অবরোধের মধ্যে পদ্মা সেতুসংলগ্ন এলাকায় কয়েকটি স্থাপনা ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। আগুন দেওয়া হয় আব্দুর রাজ্জাক সুপার মার্কেট, পদ্মা ভ্যালি ফুড এক্সপ্রেসওয়ে রেস্তোরাঁ, প্রায় ২৫টি মোটরসাইকেল এবং বিএনপির সমাবেশের জন্য তৈরি করা প্যান্ডেলে। এসব ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে অবরোধ চলাকালে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা নিরাপদ স্থানে সরে যান।

পরে সকাল পৌনে আটটার দিকে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গেলে এক্সপ্রেসওয়ের নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর পদ্মা সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মো. মহিউদ্দিন মিরাজ  বলেন, সকালে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। পুলিশ ধৈর্য ধরে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পদ্মা সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।